হরিরামপুরে তিন শতাধিক গবাদিপশুকে বিনা মূল্যে কৃমিনাশক টিকা
কৃমি আক্রান্ত থেকে রক্ষা করতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় তিন শতাধিক গবাদিপশুকে বিনা মূল্যে কৃমিনাশক ভ্যাকসিন (প্রতিষেধক টিকা) দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে অনাথবন্ধু সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ টিকাদান কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও বেসরকারি গবেষণা সংস্থা (বারসিক)।কর্মসূচিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান, বারসিকের কর্মসূচি কর্মকর্তা বিমল রায়, গবেষক সাদাত ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে এখানকার বিভিন্ন এলাকায় গবাদিপশুর দেহে কলিজাকৃমি ও গোলকৃমির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এতে করে পশুগুলো রুগ্ণ ও দুর্বল হয়ে পড়ছে। এ অবস্থায় কৃষকদের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে দুই শতাধিক গরু ও শতাধিক ছাগলকে প্রতিষেধক টিকা দেওয়া হয়। আন্ধারমানিক, যাত্রাপুর, দড়িকান্দি, দাশকান্দি, পেয়াজচর ও কাণ্ঠাপাড়া গ্রামের কৃষকেরা এ সুবিধা পান।