হরিরামপুরে পদ্মার তীর সংরক্ষণ বাঁধে ধস
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুই সপ্তাহ ধরে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস দেখা দিয়েছে। নদীভাঙনের ফলে উপজেলার ছয়টি ইউনিয়নের দুই শতাধিক বসতভিটা, তিন শতাধিক বিঘা ফসলি জমি ও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে বলে জানা গেছে।
বাঁধে ধসের কারণে পাশের উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কমপ্লেক্স, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, হাট-বাজারসহ অসংখ্য ঘরবাড়ি ভাঙনের হুমকিতে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে পদ্মার ভাঙনে উপজেলার ছয়টি ইউনিয়নের অধিকাংশ এলাকাই নদীতে বিলীন হয়ে গেছে। এ বছরও পদ্মার প্রবল ভাঙনে বয়ড়া, আজিমনগর, রামকৃষ্ণপুর, কাঞ্চনপুর, সুতালড়ী ও হারুকান্দি ইউনিয়নের দুই শতাধিক বসতবাড়ির পাশাপাশি তিন শ বিঘার বেশি ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। দুই সপ্তাহ আগে উপজেলা সদরের পদ্মার তীর সংরক্ষণ বাঁধে ধস দেখা দেয়। এর ফলে বাঁধ থেকে ২০০-৩০০ গজ উত্তরে উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কমপ্লেক্স, সরকারি ডাকবাংলো, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২০০ বছরের পুরোনো আন্ধারমানিক বাজার নদীভাঙনের হুমকিতে পড়েছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, নদীতে প্রবল স্রোতের কারণে আন্ধারমানিক এলাকায় বাঁধের কমপক্ষে ৫০ গজ অংশের সিসি ব্লকগুলো ধসে নদীগর্ভে চলে গেছে। বাঁধের পাশ দিয়ে ইঞ্জিনচালিত বড় বড় নৌযান চলাচল করায় প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হচ্ছে।
আন্ধারমানিকের বাসিন্দা তৈয়বুল আজাহার, আবিদ হাসান এবং আন্ধারমানিক বাজারের ব্যবসায়ী আবদুস সালাম জানান, নদীভাঙন ঠেকাতে এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এ ছাড়া এলাকার লোকজন বাঁধটি রক্ষায় স্বেচ্ছাশ্রমে নদীর তীরে পাউবোর পরিত্যক্ত সিসি ব্লক ফেলেছেন।
হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার বলেন, নদীভাঙনের ফলে উপজেলার ছয়টি ইউনিয়নের দুই শতাধিক বসতভিটা, তিন শতাধিক বিঘা ফসলি জমি ও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে ইতিমধ্যে বিলীন হয়েছে বলে জানা গেছে। এ বছর নদীভাঙন ঠেকাতে পাউবোর উদ্যোগে এই বাঁধের দুই থেকে আড়াই শ গজ পূর্ব দিকে বালুভর্তি ২০ হাজার জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়। তবে ঠিকাদারেরা ২৫ শতাংশ কাজ না করেই চলে যান।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী মো. মাঈনুদ্দিন বলেন, বাঁধটি রক্ষায় ৪৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছে না।
জিও ব্যাগের ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টি পাউবোর। আমাদের পাশাপাশি কেন্দ্রীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দেখভাল করেছেন। কাজেই ঠিকাদারদের অনিয়মের সুযোগ নেই।’