হরিরামপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় হোসনে আরা বেগম (৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি জেলার ঘিওর উপজেলার বামনা গ্রামের মালেক শিকদারের স্ত্রী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্বামী আবদুল মালেকের সঙ্গে একটি মোটরসাইকেলযোগে হোসনে আরা হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের কলতা নামক স্থানে পৌঁছালে ভিলেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে সামনের দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে হোসনে আরা সড়কের ওপর ও মোটরসাইকেলচালক মালেক সড়কের পাশে ছিটকে পড়ে যান। এ সময় বাসটি হোসনে আরার ওপর উঠিয়ে দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আহত হন তাঁর স্বামী মালেক। নিহত হোসনে আরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আবদুল মালেককে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।