হরিহর নদের খনন শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার জলাবদ্ধতা দূর করতে আজ রোববার থেকে হরিহর নদ খননের কাজ শুরু করা হবে। গতকাল শনিবার কেশবপুরে ওয়াপদা উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব মোল্লা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খনন করলে দ্রুত পানি নিষ্কাশিত হবে।
উপজেলার প্রায় ১৬১ বর্গকিলোমিটার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দী ৮২ হাজারের বেশি মানুষ মানবেতর জীবন যাপন করছে। আর এই জলাবদ্ধতার মূলে রয়েছে উপজেলার বালিয়াডাঙ্গায় হরিহর নদে আড়াআড়ি দেওয়া বাঁধ। ওই বাঁধের কারণে পলি জমে নদ ভরাট হয়। এ কারণে পানির স্বাভাবিক গতি নেই। এ ছাড়া হরিহর নদে ভেশালি জাল পেতে মাছ ধরার কারণেও পানি নামতে সমস্যা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কেশবপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলা শহরে কপোতাক্ষ নদ থেকে হরিহর নদের উৎপত্তি। প্রায় ১০০ বছর আগে ঝিকরগাছা শহরে রেললাইন স্থাপনের জন্য হরিহর নদ ভরাট করা হয়। এখন রেললাইনের দক্ষিণ পাশের বিলে রয়েছে হরিহরের উৎসমুখ। এ নদ প্রায় ৪২ কিলোমিটার দীর্ঘ। হরিহর নদটি কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের নিচের অংশে আপারভদ্রা নাম ধারণ করে একই উপজেলার কাশিমপুর গ্রামে ভদ্রার সঙ্গে মিশেছে।
গতকাল শনিবার কেশবপুরর শহরের নতুন সেতু থেকে মঙ্গলকোট তিন নদীর মোহনা পর্যন্ত দেখা গেছে, নদে অল্প অল্প করে পানি নিষ্কাশিত হচ্ছে। কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের শেষ প্রান্তে হরিহর নদের ওপর সেতু রয়েছে। সেতুটি বালিয়াডাঙ্গা ও আলতাপোল গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে।
জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি ছেড়ে সেতুর ওপরে আশ্রয় নেওয়া আবু বক্কর সিদ্দিকী বলেন, দুই বছর আগে এ সেতু নির্মাণের সময় নদে বাঁধ দেওয়া হয়। এরপর থেকে নদে আসা পলি জমে প্রায় বাঁধের সমান হয়। প্রায় ১৫ দিন আগে বৃষ্টিপাতে নদ উপচে পানি আশপাশের গ্রামে ঢোকে। এখন তা মারাত্মক আকার ধারণ করেছে।
একই এলাকার নূর ইসলাম বলেন, ‘আমাদের গ্রামে আগে কখনো জলাবদ্ধতা দেখা দেয়নি। এখন নদ উঁচু ও বিল নিচু হয়ে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।’ মঙ্গলকোট তিন নদের মোহনায় দেখা গেছে, ভদ্রা নদী থেকে অল্প অল্প করে পানি নিষ্কাশিত হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আপারভদ্রা ও হরিহর নদে জাল পেতে মাছ ধরার কারণেও পানি নামতে পারছে না। প্রতি রাতে ৩০টির মতো জাল ফেলে মাছ ধরা হয়।
কেশবপুরে ওয়াপদা উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব মোল্লা বলেন, বালিয়াডাঙ্গায় সেতু নির্মাণের সময় নদে আড়াআড়ি বাঁধ দেওয়া হয়। এ বাঁধের কারণে নদের প্রায় পাঁচ কিলোমিটার অংশ প্রায় আট ফুট পলিতে ভরাট হয়ে আছে। এ কারণে নদের এ দশা। এই হরিহর নদ ও আপারভদ্রা নদীতে এ রকম মোট চারটি সেতু আছে। এ কারণে পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, আজ থেকে নদ খননের কাজ শুরু করা হবে। খনন করলে দ্রুত পানি নিষ্কাশিত হবে।
নদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাল পেতে মাছ শিকারের বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, ‘নদে জাল উচ্ছেদের বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ দিয়েছি। আমার জানামতে গতকাল কয়েকটি জাল উঠিয়ে দেওয়া হয়েছে। এরপরও জাল ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কেশবপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার বলেন, ২০ ও ২১ আগস্ট ভারী বৃষ্টিপাতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা জলাবদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়নে কোনো শুকনো জায়গা নেই। এর আগে ১০ ও ১১ আগস্ট বৃষ্টিপাত হয়। তখনই উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। ১৬১ বর্গকিলোমিটার এলাকা এখন জলাবদ্ধ হয়ে পড়েছে। উপজেলার ৮২ হাজারের বেশি মানুষ এখন পানিবন্দী। ২২টি আশ্রয়কেন্দ্রে ৮ হাজার ৩৪৭ জন আশ্রয় নিয়েছেন।