হরিহর নদের ভাঙনে গ্রাম বিলীন হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিহর নদের ভাঙনে যশোরের কেশবপুরের আগরহাটি গ্রামটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গ্রামের ৪০টি পরিবারের বসতভিটা নদগর্ভে বিলীন হয়ে গেছে। পাঁচ বছর ধরে ভাঙন অব্যাহত থাকলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বাংশের গ্রামগুলোর জলাবদ্ধতা দূর করার জন্য পাউবো ২০০৫ সালে বিল খুকশিয়ায় জোয়ারাধার প্রকল্প চালু করে। এর পর থেকে হরিহর নদের গভীরতা বাড়তে থাকে। ২০০৮ সাল থেকে আগরহাটি গ্রাম এলাকায় ভাঙন শুরু হয়। ভাঙন ঠেকাতে এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁধ দেওয়া, বালুর বস্তা ফেলাসহ নানা উদ্যাগ নিচ্ছে। কিন্তু কোনো কিছুতেই ভাঙন ঠেকানো যাচ্ছে না।গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, ভাঙন ঠেকানোর জন্য এলাকাবাসী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রফিকুল ইসলামের বাড়ি একেবারেই নদের কিনারে চলে এসেছে। তিনি বলেন, ‘লিখে কি হবে? কিছুতেই কিছু হলো না। ঘর রক্ষা করতে আমরা রিং বাঁধ নির্মাণ করছি।’নদগর্ভে বসতভিটা চলে যাওয়ার পর রাস্তার পাশে আশ্রয় নেন আবুল বাসার। তিনি বলেন, ‘পাঁচ বছর ধরে প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সবার কাছে গিয়েও নিজের বাড়ি রক্ষা করতে পারলাম না।’এলাকাবাসী জানায়, এখানে আগে নদের এপার থেকে ওপারের দূরত্ব ছিল মাত্র ১৫০ ফুট। এখন তা বেড়ে ৫০০ ফুট হয়েছে। ভাঙন রোধ করতে নদতীরে পাঁচ ফুট উঁচু করে বাঁধ তৈরি করা দরকার।পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, নদের নিচ থেকে ব্লক ফেলে ভাঙন ঠেকাতে হবে। আগরহাটি গ্রামের ভাঙন ঠেকানোর জন্য পাঁচ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পাউবোর প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। টাকা পেলেই কাজ শুরু করা হবে।