হরিয়ানে তিন প্রতিমন্ত্রী ও ১৭ সাংসদকে নিয়ে হানিফের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের সীমানাসংলগ্ন পবা উপজেলার হরিয়ান এলাকায় রাজশাহী চিনিকলের প্রশিক্ষণকেন্দ্রে গতকাল শুক্রবার আওয়ামী লীগের যৌথ সভা হয়েছে। রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সভায় তিনজন প্রতিমন্ত্রী, ১৭ জন সাংসদ ও রাজশাহী বিভাগের ছয় জেলার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা যোগ দেন।সভায় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। রাজশাহীর পবা-মোহনপুর আসনের সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে জেলার নয় থানা, মহানগরের চার থানা এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার দলীয় সভাপতি-সাধারণ সম্পাদকদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ ও খালেদ মাহমুদ চৌধুরী।সভা সূত্রে জানা যায়, বেলা ১১টায় শুরু হয়ে জুমার নামাজের বিরতি দিয়ে বেলা তিনটা পর্যন্ত সভা চলে। এতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামানকে কীভাবে বিজয়ী করা যায়, সে বিষয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকদের থাকতে দেওয়া হয়নি। শুধু ছবি তোলার কাজে পাঁচ মিনিটের জন্য আলোকচিত্রীদের ঢুকতে দেওয়া হয়। ওই সময় আলোচনা বন্ধ ছিল।নামাজের বিরতির সময় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন আসন্ন, সে কারণে নির্বাচনী আচরণবিধি বিবেচনা করেই আমরা এখানে সভা করছি।’ আগামী সংসদ নির্বাচনে স্থানীয় নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিতেই এই সভা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই এখানে আলোচনার মধ্যে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে।’প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেন, ‘সিটি করপোরেশন এলাকার বেশির ভাগ বাসিন্দা রাজশাহী ও এর আশপাশের জেলা-উপজেলার। এই সভার উদ্দেশ্য হচ্ছে জেলা ও উপজেলার নেতা-কর্মীদের আত্মীয়স্বজন যেন আমাদের প্রার্থী খায়রুজ্জামানকে ভোট দেন। এ জন্য তাঁরা যেন এখানে এসে কাজ করেন।’ তিনি আরও বলেন, দলীয় বৈঠক চলাকালে হঠাৎ একদল সাংবাদিক এসে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে সবাই বিব্রত হয়েছেন। এ জন্য তাঁদের ভেতরে যেতে নিষেধ করা হয়।