হরেক স্বাদের পিঠার উৎসব
সুন্দরী, খোঁপা, চিরুনি, ঝিনুক ও বিচিত্রা—এগুলো পিঠার নাম। নামে যেমন বিচিত্র, দর্শন ও স্বাদেও তা-ই। তার চেয়েও বড় কথা, নির্ধারিত কোনো দাম নেই। পিঠা খাও, যেমন খুশি দাম দাও—এ হলো মেলার বৈশিষ্ট্য।
শত রকমের পিঠা নিয়ে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সরকারি কলেজে হয়ে গেল এ শীতকালীন পিঠা উৎসব। কলেজের মূল ভবনের তিনতলায় দিনব্যাপী এ মেলার আয়োজন করে বাংলা বিভাগ।
ক্যাম্পাসে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ মো. কামরুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান মো. আবদুল আজিজ। স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক মুন্সি আবু সাইফ। চুয়াডাঙ্গা সরকারি কলেজশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা এ সময় উপস্থিত ছিলেন। আয়োজন প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, ‘নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে রাখতে এমন প্রচেষ্টা। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।’
মেলা ঘুরে দেখা যায়, মোট চারটি স্টল রয়েছে। বাংলা বিভাগের প্রথম থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পৃথক স্টল দেন। সবচেয়ে বেশি রকমের পিঠা ছিল দ্বিতীয় বর্ষের স্টলে। ৩৪ রকমের পিঠা দিয়ে তাদের স্টল সাজানো হয়। এ ছাড়া চতুর্থ বর্ষের স্টলে ২৪, তৃতীয় বর্ষের স্টলে ২২ ও প্রথম বর্ষের স্টলে ২১ রকমের পিঠা ছিল। প্রদর্শন ও বিক্রি দুটোই চলে মেলায়। তবে নির্ধারিত কোনো দাম ছিল না। যে যেমন খুশি, তেমন দাম পরিশোধ করেই পছন্দের পিঠাটি খেতে পেরেছেন।
প্রতিটি স্টলে ছিল উপচে পড়া ভিড়। চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী তিন্নি বুলবুল বন্ধুদের সঙ্গে এসেছিলেন পিঠা মেলায়। তিনি বলেন, ভাপা ও চিতই পিঠা সবখানেই পাওয়া যায়। একটু অন্য রকম স্বাদ নিতেই উৎসবে আসা।
বাবার সঙ্গে মেলায় এসেছিল চার বছরের ফারহা তানজিম অররা। বাহারি সব পিঠা দেখে যারপরনাই খুশি সে। কেমন লাগছে, প্রশ্ন করতেই বলল, ‘অ্যাতো অ্যাতো পিঠা আমি কক্খনো দেখিনি। তিন-চার রকমের পিঠা খেয়েছি। পিঠাগুলো দেখতে এবং খেতে খুব ভালো লেগেছে।’
কলেজ অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, পিঠা ছাড়া শীতকাল ভাবাই যায় না। বাংলা বিভাগ সময়োপযোগী এই আয়োজন করে যথার্থ কাজটি করেছে।