হল উদ্ধার ও পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদখলে থাকা ছাত্রাবাস উদ্ধার ও নতুন ছাত্রাবাস নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। একই সঙ্গে গত রোববার ছাত্র-শিক্ষকদের ওপর হামলায় জড়িত পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কোনো ছাত্রাবাস না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি দখলদারদের হাত থেকে ছাত্রাবাসগুলো উদ্ধারের দাবি জানান।
কাজী ফিরোজ রশীদ ছাত্রছাত্রীদের জন্য ১০ একর জায়গা দেওয়ার দাবি জানান।
এদিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে গতকাল বেলা ১১টার দিকে সমাবেশ করেন শিক্ষার্থীরা। একই সময়ে শহীদ মিনারের সামনে সমাবেশ করেছে শিক্ষক সমিতি। উভয় সমাবেশেই হল উদ্ধার ও নতুন হল নির্মাণের পাশাপাশি পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহার করার দাবি জানানো হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ হাজি মো. সেলিমের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধার করতে গেলে গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। ছাত্রলীগ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর হাজি সেলিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ওই ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। তবে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ সম্পর্কে একজন সাংসদ বাজে মন্তব্য করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এই আন্দোলন করছে, এমনটি নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাঁরা ছাত্রলীগ করেন, তাঁরা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যদের মতো তাঁরাও কষ্ট পাচ্ছেন।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামকে সদস্যসচিব করে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হল উদ্ধার সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতিদের সদস্য করা হয়েছে।
শরিফুল ইসলাম বলেন, ছাত্রাবাসের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায়ে আজ বুধবার সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল করবেন শিক্ষার্থীরা।
গতকাল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা একটা পর্যন্ত বিক্ষোভ চলে। তবে এর আগে ১১টার দিকে ভাস্কর্য চত্বরে সমাবেশ করেন শিক্ষার্থীরা।