হল উদ্ধারে বাধা, ব্যানারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া আজমল হোসেন হল (পাটুয়াটুলী এলাকায়) উদ্ধারের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে পাটুয়াটুলীর দিকে যেতে চাইলে বাংলাবাজার মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে । ছবি: প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া আজমল হোসেন হল (পাটুয়াটুলী এলাকায়) উদ্ধারের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে পাটুয়াটুলীর দিকে যেতে চাইলে বাংলাবাজার মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে । ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া আজমল হোসেন হল উদ্ধারে গতকাল রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ওই হলে প্রবেশের পথের মুখের বেদখল শাহাবুদ্দিন হলের ফটকে ব্যানার টাঙিয়ে দেয়। তবে কয়েক মিনিট পরই স্থানীয় বাসিন্দারা ব্যানারটি খুলে ফেলে পুড়িয়ে দেয়।

স্থানীয় কিছু বাসিন্দার বাধার কারণে শিক্ষার্থীরা গতকাল আজমল হোসেন হলের দিকে যেতে না পেরে বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা শাহাবউদ্দিন হলের (বর্তমানে শাহাবউদ্দিন মার্কেট) স্থানে গড়ে ওঠা স্থাপনায় ব্যানার লাগান । প্রথম আলো
স্থানীয় কিছু বাসিন্দার বাধার কারণে শিক্ষার্থীরা গতকাল আজমল হোসেন হলের দিকে যেতে না পেরে বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা শাহাবউদ্দিন হলের (বর্তমানে শাহাবউদ্দিন মার্কেট) স্থানে গড়ে ওঠা স্থাপনায় ব্যানার লাগান । প্রথম আলো

এদিকে হল উদ্ধারসহ কয়েকটি দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন এবং ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দাবি আদায়ে আজ সোমবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে সমিতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা হল উদ্ধার সংগ্রাম পরিষদ। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে আজমল হোসেন হল উদ্ধারের জন্য পাটুয়াটুলীর উদ্দেশে রওনা হন। মিছিলটি বাংলাবাজার মোড়ে পদচারী সেতুর কাছে পৌঁছে সড়কে পুলিশের প্রতিবন্ধকতা ও বাধায় আর এগোতে পারেনি। শিক্ষার্থীরা সেখানে সড়কে বসে পড়েন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের নেতৃত্বে ১০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদলকে পুলিশ আজমল হোসেন হল এলাকায় যেতে দেয়। হলে যাওয়ার প্রবেশের পথে ফটকে তালা লাগিয়ে স্থানীয় ২০-২৫ বাসিন্দা ও ব্যবসায়ী এ সময় বিক্ষোভ করেন। তবে দুই পক্ষের মাঝে পুলিশ থাকায় অপ্রীতিকর কিছু ঘটেনি। পরে প্রতিনিধিদলটি ওই হলের প্রবেশমুখে সড়কে থাকা বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া শাহাবুদ্দিন হলের (বর্তমানে শাহাবুদ্দিন মার্কেট) প্রধান ফটকের ওপর ব্যানার টাঙিয়ে দেন। ব্যানারে লেখা ছিল ‘আজমত হোসেন হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’। তবে তিন-চার মিনিট পরই স্থানীয় লোকজন ওই ব্যানার ছিঁড়ে পুড়িয়ে ফেলেন।
হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্যসচিব সিরাজুল ইসলাম দাবি করেন, শান্তিপূর্ণভাবে আজমল হোসেন হল উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
ঘটনাস্থলে থাকা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘পাটুয়াটুলীর ব্যবসায়ীদের সঙ্গে যাতে সংঘর্ষ না বাধে, সে জন্য সব শিক্ষার্থীকে যেতে দেওয়া হয়নি। হলে ব্যানার লাগাতে সহায়তা করেছে পুলিশ।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল আজমল হোসেন হলের দিকে যেতে চাইলে হলসংলগ্ন সড়কের ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন স্থানীয় কিছু বাসিন্দা । প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল আজমল হোসেন হলের দিকে যেতে চাইলে হলসংলগ্ন সড়কের ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন স্থানীয় কিছু বাসিন্দা । প্রথম আলো

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের দখলে থাকা তিব্বত হল উদ্ধার করতে গেলে গত রোববার পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে প্রায় ৩০০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। বেদখলে থাকা ১০টি হল উদ্ধার, রোববারের হামলার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ও কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
একই দাবিতে হল উদ্ধার সংগ্রাম পরিষদ আজ সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে।
শিক্ষক সমিতির কর্মবিরতি: দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিন কেটেছে গতকাল। ফলে গতকালও কোনো ক্লাস হয়নি। অধিকাংশ বিভাগের শ্রেণীকক্ষ ছিল তালাবদ্ধ। যে দু-একটি শ্রেণীকক্ষ খোলা ছিল, সেগুলোতে শিক্ষার্থীদের গল্প করতে দেখা যায়। শিক্ষকদের উপস্থিতি ছিল কম। তবে পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত।
শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।