
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হলগুলো উদ্ধারে ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে গতকাল সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় পরিস্থিতি পর্যালোচনা করে এ কমিটি গঠন করা হয়।
এদিকে বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর, দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ গতকাল রায়সাহেব বাজার মোড় অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে। আজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ), ভূমি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস ও সাধারণ সম্পাদক পরিমল বালা, ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন এবং সদস্যসচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান। কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে হলগুলো উদ্ধারের বিষয়ে বিশদ পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ দিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে ক্যাম্পাস সম্প্রসারণে যথাসম্ভব কাছাকাছি স্থানে নতুন জমি কেনার জন্য জমি ক্রয় কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের অসমাপ্ত নির্মাণকাজ এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের নির্মাণকাজ ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে পর্যাপ্ত পরিবহন-সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তিনি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে অবিলম্বে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
সভায় শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাউদ্দিন আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হল উদ্ধার সংগ্রাম পরিষদ। একই দাবিতে বেলা ১১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে মানববন্ধন করে শিক্ষক সমিতি। দুপুর ১২টার দিকে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী মিছিল নিয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় আজমেরী পরিবহনের একটি বাসের কাচ ভাঙচুর করেন শিক্ষার্থীরা। বেলা দেড়টা পর্যন্ত অবরোধের কারণে সদরঘাট থেকে গুলিস্তান এবং বাবুবাজার থেকে যাত্রাবাড়ীমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। ওই মোড় থেকে ক্যাম্পাসে ফিরে বেলা পৌনে দুইটার দিকে শহীদ রফিক ভবনের সামনে সমাবেশ করে শিক্ষক সমিতি ও হল উদ্ধার সংগ্রাম পরিষদ।
সমাবেশে সংগ্রাম পরিষদের সদস্যসচিব সিরাজুল ইসলাম বলেন, দাবি আদায়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি আজ ওই শাখার কর্মকর্তা-কর্মচারীদের অফিস বর্জনের আহ্বান জানান। তিনি বলেন, অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেবে না।
শিক্ষক সমিতির কর্মবিরতি চলছে: দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতির চতুর্থ দিন কেটেছে গতকাল। ফলে গতকালও কোনো ক্লাস হয়নি। তবে পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল বালা বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ১০ দিন পরও দায়ী দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি চলবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধার করতে গেলে গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এ ঘটনার জন্য পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে দায়ী করে তাঁদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠক: গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দুপুরে বৈঠক করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। বৈঠকের বিষয়ে উপাচার্য সাংবাদিকদের জানান, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দু-এক দিনের মধ্যেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।