হল উদ্ধারের আশ্বাস শিক্ষামন্ত্রীর, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিব্বত হলসহ বেদখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০টি হল সরকার দ্রুত উদ্ধার করবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার পুরান ঢাকার রায় সাহেববাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীর উদ্দেশে তিনি এ কথা বলেন। ছবি: প্রথম আলো
তিব্বত হলসহ বেদখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০টি হল সরকার দ্রুত উদ্ধার করবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার পুরান ঢাকার রায় সাহেববাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীর উদ্দেশে তিনি এ কথা বলেন। ছবি: প্রথম আলো

তিব্বত হলসহ বেদখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০টি হল যত দ্রুত সম্ভব সরকার উদ্ধার করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান মন্ত্রী।আজ বুধবার পুরান ঢাকার রায় সাহেববাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।বেদখলে থাকা ১০টি হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে দুপুর ১২টা থেকে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের’ ব্যানারে হাজার হাজার শিক্ষার্থী দুপুর টায়ারে আগুন জ্বেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সদরঘাট থেকে গুলিস্তান ও বাবুবাজার থেকে যাত্রাবাড়ী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের লালবাগ বিভাগের উপকশিনার (ডিসি) হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহারের দাবি জানিয়ে যাচ্ছেন।

সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজকের কর্মসূচিতে সড়ক অবরোধের কথা না থাকলেও মন্ত্রীদের পুরান ঢাকায় আসার কথা শুনে আমরা সড়ক অবরোধ করেছি।’

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। এ সময় তাঁরা জানতে পারেন, পুরান ঢাকার কবি নজরুল কলেজে এক আলোচনা সভায় যোগ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয়ের পাশেই ঢাকা জেলা দায়রা জজ আদালতে আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকের যোগ দেওয়ার কথা। এ খবরের ভিত্তিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বেশির ভাগ এসে রায় সাহেববাজার মোড় অবরোধ করেন।


হল উদ্ধারে শিক্ষামন্ত্রীর আশ্বাস

বেলা একটার দিকে কবি নজরুল কলেজের অনুষ্ঠান শেষে বেরিয়ে ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। কিন্তু শিক্ষামন্ত্রী কলেজের পেছনের ফটক দিয়ে চলে যাওয়ার সময় শিক্ষার্থীরা গাড়ির সামনে গিয়ে শুয়ে পড়েন। এরপর মন্ত্রী গাড়ি থেকে নেমে আসেন। তিনি ভ্যানের ওপর দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
শিক্ষার্থীরা দুই দিনের মধ্যে হল উদ্ধারের দাবি জানালে মন্ত্রী বলেন, ‘দুই দিনের মধ্যে সব হল উদ্ধার করা হয়তো সম্ভব হবে না। তবে আমি দখলদারদের কাছে অনুরোধ জানাব তাঁরা যেন দখল ছেড়ে দেন। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিয়ে আইনি পদক্ষেপ নেব।’

এ ছাড়া শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্যাংকটিকে সরিয়ে নেওয়ার জন্য ব্যাংকের গভর্নরের সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানায়নি। তাই আজ সন্ধ্যার মধ্যে ব্যাংকের গভর্নরের সঙ্গে তিনি আবারও কথা বলবেন বলে জানান। মন্ত্রী বেলা পৌনে দুইটা পর্যন্ত সেখানে ছিলেন।


তোপের মুখে সাহারা খাতুন

ঢাকা জেলা দায়রা জজ আদালতে আইনজীবী সমিতির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন।
দুপুর ১২টার দিকে রায় সাহেববাজার মোড়ে সাহারা খাতুনের গাড়ি ঘেরাও করে রাখেন শিক্ষার্থীরা। আধা ঘণ্টা পর সাবেক এই মন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আজ সন্ধ্যায় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে শিক্ষার্থীদের আবাসন-সংকট নিয়ে তিনি কথা বলবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন। এরপর তাঁরা সাবেক এই মন্ত্রীকে যেতে দেন।