
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার সংগ্রাম পরিষদের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের মামলা প্রত্যাহার করা না হলে আগামী মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘট করবে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হল উদ্ধার সংগ্রাম পরিষদের ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দিয়েছেন। সে সঙ্গে বেদখলে থাকা ১০টি হলও মঙ্গলবারের মধ্যে উদ্ধার করার দাবি জানিয়েছেন তাঁরা।
সমাবেশে হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, মঙ্গলবারের মধ্যে সংগ্রাম পরিষদের সদস্যসচিব ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এবং হল উদ্ধারসহ তাঁদের দাবিগুলোও পূরণ করতে হবে। তা না হলে ওই দিন থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে। এ ছাড়া এ ঘটনায় সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া অন্যদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় ওই ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরের পদত্যাগ দাবি তুলে আন্দোলন চালানো হবে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্যরা সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন। সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন, একাডেমিক (নতুন) ভবন ও রফিক ভবনসহ বিভিন্ন ভবনে প্রায় ৩০টি তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। তবে সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে শিক্ষকেরা ক্যাম্পাসে ঢুকলে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। এরপর সকাল ১০টার দিকে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হন। সমাবেশ চলে বেলা একটা পর্যন্ত।
এদিকে বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতি। সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি আলী আক্কাস বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে তাঁরাও একমত। কিন্তু পরিষদের এক নেতা রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ আলমকে লাঞ্ছিত করায় আজকের সমাবেশে যোগ দেয়নি শিক্ষক সমিতি। তবে হল উদ্ধারের দাবিতে ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষক সমিতি।
শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় মামলা, তদন্ত
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ আলমকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্যসচিব সিরাজুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, শিক্ষক সৈয়দ আলমকে লাঞ্ছিত করার ঘটনায় লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক হাসনা হেনা বেগমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ১০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া প্রক্টর বাদী হয়ে সিরাজুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কমনরুমের আসবাব কেনার কাজ চেয়েছিলেন ছাত্রলীগের নেতারা। কাজ না পেয়ে গত বৃহস্পতিবার সৈয়দ আলমকে মারধর করেন তাঁরা। সৈয়দ আলম ৮ মার্চ পর্যন্ত রসায়ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ছিলেন। ওই দিন থেকেই শিক্ষা ছুটিতে চলে যান তিনি।
এদিকে সৈয়দ আলমকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধারের দাবিতে মহাসমাবেশে যোগ দেয়নি শিক্ষক সমিতি ও প্রগতিশীল ছাত্রজোট। এই মহাসমাবেশের ডাক দিয়েছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ’। এই পরিষদের সদস্যসচিব হলেন বহিষ্কৃত সিরাজুল ইসলাম।