হল উদ্ধারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার ও নতুন হল নির্মাণসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
এদিকে একই দাবিতে আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও আগামী রোববার পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে ক্যাম্পাসের শহীদ রফিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ঘুরে বেলা সাড়ে ১১টার দিকে আবার রফিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংগ্রাম পরিষদের নেতারা বলেন, দাবি আদায়ে প্রায় দেড় মাস ধরে লাগাতার আন্দোলন করে আসছে হল উদ্ধার সংগ্রাম পরিষদ। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার। তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সংগ্রাম পরিষদের সদস্যসচিব ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা ও ক্যাম্পাস থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। আর এতে প্রশাসনকে সহযোগিতা করছে শিক্ষকদের একটি অংশ। তাই সিরাজুলের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও রোববার সড়ক অবরোধ করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সমাবেশে সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আই শিশির এবং সাধারণ শিক্ষার্থী সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।