জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও পরিবহনসংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্র জোট। গতকাল রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে বাসভাড়া বাবদ মোটা অঙ্কেরটাকা আদায় করা হয়৷ কিন্তু শিক্ষার্থী অনুপাতে বাসের ব্যবস্থা কখনোই করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধিকাংশ শিক্ষার্থী বাসে বাদুড়ঝোলা হয়ে ক্যাম্পাসে আসেন। ফলে বিশ্ববিদ্যালয়ের বাসে প্রায়ই ঘটে দুর্ঘটনা।
বক্তারা বলেন, গত ২৪ নভেম্বর সাভার থেকে ঢাকা আসার পথে বিশ্ববিদ্যালয়ের ‘বংশী’ বাস থেকে পড়ে যান হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশুক খান৷ পরে তিনি মারা যান৷ কিন্তু আগেও এ ধরনের দুর্ঘটনার পর বাসের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে বাস ও ট্রিপের সংখ্যা বাড়ানো এবং মাশুকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ টাকা দিতে হবে।
বক্তারা আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসিক হল নেই। কয়েকবার বড় ধরনের আন্দোলনের পর হল নির্মাণের আশ্বাস দিয়েছিল প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১১ বছর পর একটি হলও নির্মাণ করা হয়নি। আবাসনসংকট নিরসনে নতুন হল নির্মাণ করতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এই সমাবেশে প্রসেনজিৎ সরকার, তুষার ব্যাপারী, এম এম মুজাহিদ প্রমুখ বক্তব্য দেন।