হল কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এক ব্যক্তি গত বৃহস্পতিবার ওই কর্মকর্তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অভিযুক্ত হল কর্মকর্তার নাম ওয়ালিদ হাসান। হলের প্রশাসনিক কর্মকর্তারা বলেন, ওয়াহিদুজ্জামান মিন্টু নামের এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে এ লিখিত অভিযোগ করেন। কিন্তু তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু হলের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন লিখিত অভিযোগ পাওয়ায় হলের প্রাধ্যক্ষ তাঁদের সঙ্গে একটি বৈঠক করেন। ওয়ালিদের বিরুদ্ধে হলের আসবাব কেনার টাকা আত্মসাৎ, চার বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করা, বাসাভাড়া ফাঁকি দেওয়াসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।
ওয়ালিদ হলের ৩০টি ফ্যান কেনা বাবদ ৯০ হাজার টাকা ব্যয় দেখিয়েছেন। অথচ একটি ফ্যানও কেনেননি। তিনি পৃথক দুটি ভাউচারে ৪০ হাজার টাকা হলের তহবিল থেকে তুলে নিয়েছেন। অথচ কোনো ব্যয় দেখাতে পারেননি। এ ছাড়া তিনি হল ও হলের আশপাশে ঝোপঝাড় পরিষ্কার করার নামে প্রতি মাসে তিনজন কর্মচারীর নামে টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
হলের কর্মকর্তারা আরও অভিযোগ করেন, হলের টিভি, কম্পিউটার ও বিভিন্ন আসবাব তিনি বাসায় নিয়ে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বঙ্গবন্ধু হলের আন্তর্জাতিক ব্লকের দুটি কক্ষ নিয়ে সেখানে পরিবারসহ থাকছেন। তিনি ২০১০ সাল থেকে ওই বাসার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করেন না।
ওয়ালিদ হাসান বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য কেউ আমার বিরুদ্ধে এ রকম মিথ্যা ষড়যন্ত্র করে প্রশাসনকে চিঠি দিয়েছে। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অশোক কুমার চক্রবর্তী বলেন, অভিযোগের বিষয়টি তিনি জানেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ সিদ্ধান্ত নেবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী বলেন, ওয়ালিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।