হল খোলার দাবির সমাবেশ শিক্ষকদের বাধায় পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার বছর ধরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের আবাসিক হল শেরেবাংলা, শহীদ তিতুমীর ও শহীদ আকতার আলী বন্ধ রয়েছে৷ এসব হল খুলে দেওয়ার দাবিতে কলেজ ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট৷ কিন্তু কলেজ প্রশাসনের বাধায় তা পণ্ড হয়ে যায়৷
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ছাত্রফ্রন্ট বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ শুরু করে৷ খবর পেয়ে অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসের নেতৃত্বে শিক্ষক পরিষদের নেতারা ঘটনাস্থলে যান৷ এ সময় তাঁরা ক্যাম্পাসে ‘রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ’ জানিয়ে কর্মসূচিতে বাধা দেন। এ পর্যায়ে সংগঠনটির নেতা-কর্মীরা সমাবেশ না করে ঘটনাস্থল ছেড়ে যান৷ পরে ছাত্রফ্রন্টের নেতারা তাঁদের কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস জানান, সম্প্রতি কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারমুখী অবস্থানের পর শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে একাডেমিক কাউন্সিলের সভা থেকে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। সব ছাত্রসংগঠন এ সিদ্ধান্ত মেনে চললেও গতকাল ছাত্রফ্রন্টের গুটি কয়েক নেতা-কর্মী নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে সমাবেশের চেষ্টা করেন। খবর পেয়ে শিক্ষক পরিষদের নেতাদের নিয়ে তাঁদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়।
অধ্যক্ষ বলেন, বন্ধ তিনটি হল খুলে দিলেই তা দখলকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলো সংঘর্ষে জড়িয়ে পড়বে। এ কারণে এসব হল খুলে দেওয়া সম্ভব নয়।
ছাত্রফ্রন্টের সরকারি আজিজুল হক কলেজ শাখার আহ্বায়ক পলাশ কর্মকার জানান, কলেজের তিনটি আবাসিক হল বন্ধ থাকায় তিন শতাধিক শিক্ষার্থী আবাসনসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ জন্য বন্ধ এসব হল খুলে দেওয়ার দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়৷ কিন্তু বাধার কারণে তা পণ্ড হয়ে যায়৷ শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করা হলেও বন্ধ হল দ্রুত খুলে না দিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রফ্রন্ট দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
গৃহস্থািল কাজের মূল্য নির্ধারণের দাবি: গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ, গৃহকাজে জড়িত নারীদের অবদান জিডিপিতে অন্তর্ভুক্তি এবং নারীদের গৃহকাজের স্বীকৃতির দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। এ উপলক্ষে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জানান, গৃহে নারীরা দৈনিক ১৬ ঘণ্টায় প্রায় ৪৫ ধরনের কাজ করেন। জাতীয় অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারীরা বিরাট অবদান রাখলেও গৃহকর্মে নারীদের অবদান রাষ্ট্রস্বীকৃত নয়। জেলা সমাজতান্তিক মহিলা ফোরামের সভাপতি দিলরুবা নূরী সমাবেশে সভাপতিত্ব করেন।