রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালু করার দাবিতে গতকাল রোববার একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ কারণে গতকাল কোনো ক্লাস হয়নি।
বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, সকাল নয়টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর একাডেমিক ভবনের প্রধান ফটকে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ওই ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকেন।
শিক্ষার্থী রোকনুজ্জামান বলেন, এক মাস আগে হলটি চালু করার দাবিতে আন্দোলন করা হয়েছিল। তখন কর্তৃপক্ষ শিগগিরই হলটি চালু করা হবে বলে আশ্বাস দেয়। শেষ পর্যন্ত হলটি চালু করা হয়নি।
বিজ্ঞান অনুষদের ডিন হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে সব ক্লাস বন্ধ হয়ে গেছে। রেজিস্ট্রার ময়নুল আজাদ বলেন, হলের সব কাজ শেষ হলেও বৈদ্যুতিক কিছু কাজ শেষ হয়নি। এ কারণে হলটি চালু করতে দেরি হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি শিক্ষাবর্ষে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী রয়েছেন। এখানে ছাত্রীদের জন্য একটি আবাসিক হল এরই মধ্যে চালু হয়েছে। ছাত্রদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা মুখতার ইলাহী হল নির্মাণের কাজ শেষ। তা এখন চালুর অপেক্ষায় রয়েছে।