হল চালুর দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালুর দাবিতে আজ রোববার সকাল থেকে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে আজ কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি শিক্ষাবর্ষে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী রয়েছেন। ছাত্রীদের জন্য ইতিমধ্যে একটি আবাসিক হল চালু হয়েছে। ছাত্রদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা মুখতার ইলাহী হল রয়েছে। এর মধ্যে প্রথমটির নির্মাণকাজ শেষ হলেও পরেরটির কাজ শেষ পর্যায়ে।

সাধারণ শিক্ষার্থীরা জানান, সকাল নয়টার দিকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এরপর মিছিল থেকে শিক্ষার্থীরা চারটি একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থী রোকোনুজ্জামান বলেন, ‘এক মাস আগেও হলের কার্যক্রম চালু করা নিয়ে আন্দোলন করা হয়েছিল। সে সময় খুব শিগগির হলটি চালু করা হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল। কিন্তু হলটি চালু করা নিয়ে গড়িমসি করা হচ্ছে। তাই পুনরায় আন্দোলন শুরু করেছি আমরা।’ হল চালু না করা পর্যন্ত এ আন্দোলন চলবে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে সব ক্লাস বন্ধ হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ময়নুল আজাদ বলেন, ‘হলের সব কাজ শেষ হলেও বিদ্যুতিক কিছু কাজ শেষ না হওয়ায় হলটি চালু করতে বিলম্ব হচ্ছে। আশা করি, খুব শিগগির এ কাজ শেষ হয়ে যাবে।’