হল ছাড়লেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
হল ছেড়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের নির্দেশে আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যেই শিক্ষার্থীরা হল ছাড়েন।
গতকাল সোমবার পরিবহন ধর্মঘটের মধ্যে কর্তৃপক্ষের নির্দেশে হল ছাড়তে গিয়ে হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা অভিযোগ করেন, রাস্তায় বিভিন্ন জায়গায় তাঁদের মারধর করে টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার আজ প্রথম আলোকে বলেন, আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ চলবে। এর মধ্যে ভর্তির কাজ চলার সিদ্ধান্ত ছিল। এ ব্যাপারে আজ কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। বিশ্ববিদ্যালয় দ্রুত খুলে দেওয়া হবে বলে তিনি আশা করেন।