অনির্দিষ্টকালের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধ ঘোষণার পর আজ শুক্রবার সকাল ১০টার মধ্যে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর রাতেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আজ সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা অনুসারে সকাল সাতটা থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। সকাল ১০টার আগেই সব শিক্ষার্থী হল ছাড়েন। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া ও এত অল্প সময়ের মধ্যে হল ছাড়তে বাধ্য হওয়ায় অনেক শিক্ষার্থীই ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই বলেন, আগে থেকে টিকিট কাটা নেই। ফলে সকালে ট্রেন থাকলেও তাতে ওঠা যায়নি। বিকেলের ট্রেনের টিকিট পাওয়া যাবে কি না, তা নিয়ে তাঁদের আশঙ্কা রয়েছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহ আলম বলেন, রাজশাহীতে তাঁর কোনো আত্মীয় নেই। আবার বাড়িতে যাওয়ার ট্রেনের টিকিটও পাননি। এখন রাজশাহী থেকে দিনাজপুর তাঁকে দাঁড়িয়েই যেতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির কারণে ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শেষে ১৩ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কারণে আগামী ১৮ অক্টোবর থেকে ক্যাম্পাস খোলার সম্ভাবনা রয়েছে।’