
কর্তৃপক্ষের নির্দেশের পরও গতকাল বুধবার বিকেল তিনটার পরই হলেই অবস্থান করেছেন চট্টগ্রাম নার্সিং কলেজের আন্দোলনরত ছাত্রীরা। সন্ধ্যায় কলেজের অধ্যক্ষের সই করা বিজ্ঞপ্তিতে আজ সকাল ১০টা পর্যন্ত হল ছাড়ার সময় বাড়ানো হয়।
স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পিংকি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা হল ছেড়ে যাব না। আজ (বৃহম্পতিবার) সকাল ১০টায় হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’
গত মঙ্গলবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করা হয় এবং গতকাল বুধবার বিকেল তিনটার মধ্যে ছাত্রীদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত সোমবার থেকে নার্সিং কলেজের ছাত্রীরা তাঁদের ফলাফল পুনর্মূল্যায়ন এবং অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ ও ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেন।
গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজসংলগ্ন নার্সিং ছাত্রীদের হলে গিয়ে দেখা যায়, হলের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। সাধারণ ছাত্রীরা সবাই বিকেল তিনটার পরও হলেই অবস্থান করছিলেন। তাঁরা হলে অবস্থানের পক্ষে অনড় অবস্থানে ছিলেন। এ অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে হল ছাড়ার সময় বাড়ানোর ঘোষণা আসে।
এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, কাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত হলে থাকার সময় বাড়ানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিয়ে জানাব।