চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতকের শিক্ষা কার্যক্রম স্থগিত করে হল ছাড়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার আবাসিক হল ছেড়ে গেছেন ছাত্রীরা। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল ১০টার মধ্যে ছাত্রীরা হল ছাড়েন। ছাত্ররা বৃহস্পতিবার বিকেলেই হল ছেড়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্রদের বেলা তিনটার মধ্যে ও ছাত্রীদের শুক্রবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। চুয়েটের সহকারী ছাত্র কল্যাণ পরিচালক মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে করে ছাত্রীরা হল ত্যাগ করেন। এদিকে সড়ক দুর্ঘটনায় চুয়েটের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় দোষী চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে গতকাল বিকেলে মানববন্ধন হয়েছে। চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।