অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার সকালেই আবাসিক হল ছেড়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। এদিকে, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত ৪০০-৫০০ জন ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নগরের মতিহার থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে স্থাপিত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তহুরা আকতার খাতুন।মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোকলেসুর রহমান জানান, মামলায় অগ্রণী কলেজের অফিসকক্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর-অগ্নিসংযোগ, সনদপত্র, সরকারি কাগজপত্রসহ মূল্যবান কাগজপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এতে মোট ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে এ মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। স্থানীয় সাংসদের সঙ্গেও আলোচনা করা হবে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবনির্মিত শহীদ মিনারের বেদিতে বসে আড্ডা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও স্থানীয় ব্যক্তিদের সংঘর্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ ছাত্ররা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে ভাঙচুর চালানোসহ অফিসকক্ষে আগুন লাগিয়ে দেন। ওই ঘটনার পর প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।তদন্ত কমিটি গঠন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্ভূত ঘটনা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক এম ফয়জুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল উপাচার্যের সভাপতিত্বে এক জরুরি সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।