সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল দখলে ব্যবহারের জন্য অস্ত্র রাখার দায়ে দুই যুবকের ১০ বছর করে কারাদণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন নগরের পাঠানটুলা এলাকার বাসিন্দা এমদাদুল হক (২৮) ও রানা আহমদ শিপলু (২৫)।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২০ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলায় জড়িত আসামিরা পাঠানটুলা এলাকার একটি বাসায় গোপনে বৈঠক করে। মহানগর পুলিশের জালালাবাদ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ওই বাসা থেকে এমদাদুল হককে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যে আটক রানা আহমদের খাটের নিচ থেকে চারটি গুলিসহ একটি রিভলবার ও ১৯টি রামদা উদ্ধার করে।
এ ঘটনায় জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক প্রদীপ সরকার বাদী হয়ে পরদিন অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ ডিসেম্বর দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী জানান, ২০১৫ সালের ২২ মার্চ অভিযোগ গঠনের পর মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।