জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ আয়ের নামে সন্ধ্যাকালীন কোর্স ও ফি বৃদ্ধি বন্ধ এবং আবাসিক হল নির্মাণে সময়ক্ষেপণ না করার দাবিতে ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেটের বেশির ভাগ ব্যয় হবে বেতন-ভাতা, অবসরভাতা ও রক্ষণাবেক্ষণ বাবদ। কিন্তু শিক্ষার্থীদের আবাসিক হল, শিক্ষা গবেষণা ও ছাত্রকল্যাণে কোনো বরাদ্দ নেই। এসব খাতের উৎস ধরা হয়েছে অভ্যন্তরীণ আয়। তাই এসব খাতে বাজেটে বরাদ্দ বাড়াতে সবাইকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও অর্থ সম্পাদক তিথি চক্রবর্তীর পরিচালনায় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী বক্তব্য দেন।