হল নির্মাণের দাবিতে ছাত্র ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো ছাত্র ধর্মঘট পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল করার ঘোষণা দিয়েছেন তাঁরা।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সভাকক্ষে জরুরি সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় কারাগারের জায়গা বিশ্ববিদ্যালয়কে দিতে একমত পোষণ করেন তাঁরা। একই ভাবে শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে গতকাল পৃথক বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীরা জানান, ধর্মঘটের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও বাহাদুর শাহ পার্ক এলাকায় মিছিল করেন তাঁরা।