নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে রবি ও সোমবার তৃতীয় দফায় ছাত্র ধর্মঘট ডেকেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দুই দিন ক্লাস, পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বর্জনের ঘোষণা দেন তাঁরা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংহতি সমাবেশ শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, কারাগারের জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নির্মাণে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আবাসিক হল নির্মাণে শিক্ষার্থীদের টানা ২৬ দিনের শান্তিপূর্ণ আন্দোলন একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিঠুন রায় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১১ বছর অতিক্রান্ত হলেও হল নির্মাণ প্রশাসনের আশ্বাসের চোরাবালিতে থেকে গেছে।
পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে ও কেরানীগঞ্জে নিজস্ব জায়গায় নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে টানা ২৬ দিন আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় গতকাল বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০টি বিভাগের শিক্ষার্থীরা পৃথক ব্যানার ও মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন। নতুন হল নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ প্রায় ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছেন।
সংহতি সমাবেশে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি, ছাত্রসংগঠন ও বাম রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য দেন। সন্ধ্যায় সমাবেশ শেষে রবি ও সোমবার দুই দিনের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদের প্রতিনিধি মাহিদুল ইসলাম।