হল নির্মাণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলখানার জমিতে আবাসিক হল নির্মাণের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া না হলে পরদিন শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় অবকাশ ভবনের ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা। ‘আবাসিক হল নির্মাণ ও পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের’ দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একই দাবিতে টানা ১২ দিন ধরে আন্দোলন করছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০ বছর পার হয়েছে। অথচ এখন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কোনো হল নির্মাণ করা হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে মেসে বা বাসাবাড়িতে ভাড়া করে থাকতে হয়। কিন্তু বর্তমানে সারা দেশে জঙ্গি দমনের নামে মেসগুলোতে পুলিশি অভিযান চলছে। এতে শিক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, ২০১৪ সাল থেকে নাজিমুদ্দিন রোডের কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। ফলে দিনের পর দিন ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে গোলাম রাব্বী, মনিরুল ইসলাম, রাইসুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।