হল পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ হলের আবাসিক শিক্ষার্থীরা গতকাল শুক্রবার কাফনের কাপড় পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করেছেন।ওই দাবিতে গত বুধবার থেকে শিক্ষার্থীরা ঈশা খাঁ হলের পাশে করিম ভবনের সামনে টানা অবস্থান ধর্মঘট পালন করে আসছেন। এর মধ্যে তাঁরা ক্লাসও বর্জন করে চলেছেন।আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গত বছরের ২ ডিসেম্বর ও চলতি বছরের ৩০ জানুয়ারি দুই দফায় ঈশা খাঁ হলটি শিক্ষার্থীদের বসবাসের অনুপযোগী উল্লেখ করে পরিত্যক্ত ঘোষণা করে। আসলে প্রশাসন হলটিকে ছাত্রী হল বানানোর পাঁয়তারা করছে।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা ৩৮ দিন বন্ধ থাকার পর গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খোলা হয়। ক্যাম্পাসে এসে ঈশা খাঁ হলের প্রায় পৌনে তিন শ শিক্ষার্থী তাঁদের কক্ষে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। অন্য হলে তাঁদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন এবং হল পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ওই দিন থেকে হলের পাশে করিম ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন।আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে করিম ভবন থেকে একটি মৌন মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনের রাস্তায় কাফনের কাপড় পরে অবস্থান ধর্মঘট শুরু করেন।