হল পরিদর্শনে গিয়ে ছাত্রলীগের তোপের মুখে শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিদর্শনে গিয়ে ছাত্রলীগ কর্মীদের অশ্লীল মন্তব্য শোনাসহ প্রায় দুই ঘণ্টা হলে অবরুদ্ধ থাকতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ মো. খবিরউদ্দিন আবাসিক শিক্ষকদের নিয়ে বুধবার রাত ১১টার দিকে হল পরিদর্শনে যান। একপর্যায়ে ৩১৪ নম্বর কক্ষে ধোঁয়া দেখতে পান শিক্ষকেরা। শিক্ষকেরা কক্ষের ছাত্রদের কাছে ধোঁয়ার কারণ জানতে চাইলে শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলম (৩৭তম ব্যাচ, বাংলা বিভাগ) ও ফেরদৌস আহমেদ (৩৭তম ব্যাচ, সরকার ও রাজনীতি বিভাগ) কক্ষের দরজা বন্ধ করে বাইরে আসেন। তাঁরা শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।এর কিছুক্ষণ পর হলের ছাত্রলীগের অন্য কর্মীরা প্রাধ্যক্ষের নাম উল্লেখ করে অশ্লীল মন্তব্যসহ তাঁর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাঁরা কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় হল প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষকেরা অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সম্পাদক আজগর আলী, ছাত্রলীগ নেতা এস এম শামীম ঘটনাস্থলে উপস্থিত হন। রাত একটার দিকে হল প্রাধ্যক্ষসহ অবরুদ্ধ সবাইকে নিয়ে তাঁরা হল থেকে চলে আসেন।প্রাধ্যক্ষ মো. খবিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার উদ্দেশ্য হলো, পরিদর্শনের একপর্যায়ে অন্য হলের দুই ছাত্র শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ওই ছাত্ররাই অযৌক্তিকভাবে আমার পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।’