পবিত্র রোজা ও ঈদ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ২০ জুলাই থেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত চূড়ান্ত পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এতে আবারও বড় ধরনের সেশনজটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি ও খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ সাইদুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে কোনো হলের প্রাধ্যক্ষ, প্রক্টর বা ছাত্র উপদেষ্টা কেউই থাকেন না। এ ছাড়া রোজার শুরু থেকে ক্লাস বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী চলে গেছেন। এ কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি নজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘১ আগস্ট অফিস খোলা থাকা পর্যন্ত হল খোলা রেখে ক্লাস-পরীক্ষা চালু করার ব্যাপারে কর্তৃপক্ষের কাছে শিক্ষক সমিতির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কথা বিবেচনা না করেই আগেভাগে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীদের বড় ধরনের সেশনজটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।’এ ব্যাপারে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইদুল ইসলাম বলেন, ‘তৃতীয় বর্ষের একটি চূড়ান্ত পরীক্ষা হয়েছে। এর মধ্যেই হল বন্ধের ঘোষণায় নির্ধারিত পরীক্ষাগুলোও বাতিল করা হয়েছে। এখন সেগুলো ঈদের পরে হবে। দীর্ঘদিন ঝামেলার কারণে যতটুকু পিছিয়ে গিয়েছিলাম, এখন মনে হচ্ছে আরও অনেক পিছিয়ে যাচ্ছি।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘প্রাধ্যক্ষ পরিষদের সভার সর্বসমঞ্চত সিদ্ধান্তকে আমি শুধু অনুমোদন দিয়েছি। তার পরও কোনো বিভাগের শিক্ষক-শিক্ষর্থীরা চাইলে পরীক্ষার অনুমোদন এবং হল খোলা রাখার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে।’ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ ও ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অপসারণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন। প্রায় পাঁচ মাস পর চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালু হয়। শিক্ষার্থীরা ২৫ মে থেকে ৮ জুন পর্যন্ত পূর্বঘোষিত গ্রীষঞ্চকালীন ছুটি বাতিল করে ক্লাস-পরীক্ষা চালু রাখার দাবি জানালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৯ মে পর্যন্ত পরীক্ষা চালু রাখে। এরপর রোজা ও ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত ছুটি বাতিল করে অন্তত অফিস খোলা থাকার সময় পর্যন্ত (১ আগস্ট) ক্লাস-পরীক্ষা চালু রাখার দাবি জানান শিক্ষার্থীরা। এ দাবি বিবেচনা করে অফিস বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুধু বিভিন্ন বিভাগের পরীক্ষার সময়সূচি ঠিক করা হয়। কিন্তু ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুলাই দুপুর ১২টার মধ্যে আবাসিক হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, হল বন্ধ করার সিদ্ধান্তের কারণে ২০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বিভিন্ন বিভাগের কয়েকটি বর্ষের নির্ধারিত ৩৪টি পরীক্ষা স্থগিত হয়ে গেছে।