হল বন্ধের সময় কমানোর আশ্বাস উপাচার্যের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গতকাল সোমবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে হল বন্ধ রাখার সময় কমানোর দাবি জানিয়েছেন। উপাচার্য হল বন্ধ রাখার সময় কমানোর আশ্বাস দিয়েছেন।
গতকাল বেলা দুইটার দিকে প্রশাসনিক ভবনে ১০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জানান, সিন্ডিকেটের মাধ্যমে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আরেকটি সিন্ডিকেট ছাড়া এ সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ নেই। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অনানুষ্ঠানিকভাবে হল বন্ধ রাখার সময় চার দিন কমানো হবে।সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ থেকে ২৩ জুলাই—১০ দিন হল বন্ধের বিজ্ঞপ্তি টাঙানো হয়েছিল। উপাচার্যের নতুন ঘোষণা অনুযায়ী হল বন্ধ থাকবে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত।
উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রেহেল ফেরদৌস, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপাঞ্জন কাজল, ইংরেজি বিভাগের শিক্ষার্থী কুররাতুল রাফিয়া প্রমুখ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বলেন, হল ১০ দিনই বন্ধ থাকবে। কিন্তু যাঁদের অসুবিধা আছে, তাঁরা চাইলে ১৬ জুলাই পর্যন্ত হলে থাকতে পারবেন। আবার ২১ জুলাই হলে ফিরতে পারবেন।