হল-মার্ক ও ডেসটিনির বিরুদ্ধে অভিযোগপত্র দিতে আরও এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক ও ডেসটিনি গ্রুপের অর্থ আত্মসাতের মামলার অভিযোগপত্র দিতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি গতকাল রোববার বিকেলে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, তদন্তকাজ প্রায় শেষ। এক মাসের মধ্যেই আদালতে হল-মার্ক ও ডেসটিনির বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র জমা দেওয়া সম্ভব হবে। বদিউজ্জামান জানান, পদ্মা সেতু দুর্নীতির বিষয়ে দুদকের প্রতিনিধিদল দ্বিতীয়বারের মতো কানাডা যাবে। তিনি বলেন, আগামী ৯ সেপ্টেম্বর কানাডায় পদ্মা সেতু দুর্নীতির শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে দুদকের একটি প্রতিনিধিদল অংশ নেবে। ওই মাসের প্রথম সপ্তাহেই দুদকের দল কানাডায় পৌঁছাবে বলে নিশ্চিত করেন তিনি।