হল-মার্ক কেলেঙ্কারি: আরও চারজনকে জিজ্ঞাসাবাদ
হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধান প্রক্রিয়ার আওতায় জনতা ব্যাংকের আরও চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে অনুসন্ধান দলের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
আজ যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় তাঁরা হলেন: ব্যাংকটির করপোরেট শাখার জিএম আবদুছ ছালাম আজাদ, ডিজিএম এস এম আবু হেনা মোস্তফা কামাল ও আজমুল হক এবং এজিএম মো. ফায়েজুর রহমান ভূঁইয়া।
এর আগে গতকাল রোববার ব্যাংকটির একই শাখার পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই পাঁচজন কর্মকর্তা হলেন: ব্যাংকটির করপোরেট শাখার এজিএম আবদুল্লাহ-আল-মামুন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ অফিসার জেসমিন খাতুন ও জিনিয়া জেসমিন এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার জেসমিন আখতার।
কমিশনের ‘তফসিলভুক্ত অপরাধের’ তালিকায় থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন হল-মার্ক কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধান কার্যক্রম বন্ধ ছিল। ফান্ডেড অংশের অনুসন্ধানের প্রায় দুই বছর পর গত ডিসেম্বরে এ-সংক্রান্ত অনুসন্ধান দল পুনর্গঠন করা হয়।
দুদক সূত্র বলেছে, হল-মার্কসহ ছয়টি কোম্পানি সোনালী ব্যাংকের সাবেক শেরাটন হোটেল শাখা থেকে ৩ হাজার ৫৬৯ কোটি টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে সোনালী ব্যাংকের পরিশোধ করা ফান্ডেড এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে ২০১২ সালে ১১টি মামলা করে দুদক। ৩৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাকি পাঁচ কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছে ২৭ টি।
সূত্র আরও বলেছে, ভুয়া কাগজপত্র তৈরি করে হল-মার্ককে মালামাল সরবরাহের নামে ৩৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে নন-ফান্ডেড দেড় হাজার কোটি টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগের অনুসন্ধান প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে এত দিন শুরু করা যায়নি।