হল-মার্ক কেলেঙ্কারি: সোনালী ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার
হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে দুদক ও পল্টন থানা সূত্র জানিয়েছে।
এ নিয়ে হল-মার্ক কেলেঙ্কারির মামলায় মোট আটজন আসামি গ্রেপ্তার হলেন।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য প্রথম আলো ডটকমকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দুদক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ মামলার আসামিদের গ্রেপ্তারের অনুরোধ জানায়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ আতিকুরকে গ্রেপ্তার করেছে।
দুদকের ওই কর্মকর্তা আরও বলেন, আজ গ্রেপ্তারের পর পুলিশ আতিককে দুদকে হস্তান্তর করে। হল-মার্কসংশ্লিষ্ট তদন্ত দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে। আগামীকাল বুধবার তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করে আদালতে হাজির করা হবে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফৌজিয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আসামি আতিকুরকে দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০১২ সালের ৪ অক্টোবর হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় ২৭ জনকে আসামি করে মোট ১১টি মামলা দায়ের করে দুদক। ওই সব মামলার ১৯ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে।
এর আগে মামলার প্রধান আসামি ও হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমান, ব্যাংকের প্রধান শাখার জিএম মীর জাহিদুর রহমান এবং দুই ডিজিএম শেখ আলতাফ হোসেন ও শফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।