হল-মার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের আরও কর্মকর্তা জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের আরও কর্মকর্তার নাম অভিযোগপত্রে আসতে পারে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল মঙ্গলবার দুদকের নিয়মিত মাসিক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এসব কথা জানান।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের সচিব বলেন, এ পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে, তাতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণেই হল-মার্কসহ বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে অর্থ আত্মসাৎ করতে সক্ষম হয়েছে বলে অনুসন্ধান কর্মকর্তাদের কাছে প্রতীয়মান হয়েছে।হল-মার্কের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে ইতিমধ্যে আরও যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাঁদের নাম পরবর্তী সময়ে অভিযোগপত্রে আসামির তালিকায় আসবে বলে জানান সচিব।সোনালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তের বিরুদ্ধে পাওয়া অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ নিয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে জানান সচিব ফয়জুর রহমান চৌধুরী।সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সহকারী সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খান সম্পর্কে তথ্য থাকলে তা দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান সচিব। তিনি বলেন, এ পর্যন্ত আজম খানের বাড়ির ঠিকানায় দুবার নোটিশ পাঠিয়েও জবাব পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে দুদকের সচিব জানান, অক্টোবর মাসে দুদকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এসেছে এক হাজার ৪২টি। এর মধ্যে গৃহীত অভিযোগের সংখ্যা ৮৩টি। এ মাসে ৩০টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। অভিযোগপত্র দাখিল হয়েছে ১৮টি মামলার।