হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপের অভিযোগে হল-মার্ক গ্রুপের আরও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সোনালী ব্যাংক। গতকাল রোববার ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সোনালী ব্যাংকের শেরাটন হোটেল (বর্তমানে রূপসী বাংলা) করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম এ মামলা করেন।
মামলায় নয় কোটি ৯২ লাখ ৯২ হাজার ১১৩ টাকা খেলাপের অভিযোগ আনা হয়েছে। এতে হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও ববি ডেনিম কম্পোজিট লিমিটেডকে বিবাদী করা হয়েছে। অর্থঋণ আদালতের বিচারক মো. রবিউজ্জামান মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দেন। আগামী ৫ মে সমন ফেরত-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন আদালত।
এ নিয়ে ঋণখেলাপের অভিযোগে হল-মার্ক গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হলো।
গতকাল করা মামলায় বলা হয়, তানভীর মাহমুদ ও জেসমিন ইসলাম হল-মার্ক গ্রুপের প্রতিষ্ঠান ববি ডেমিন কম্পোজিট লিমিটেডের মেশিনারিজ ও অন্যান্য জিনিসপত্র আমদানির জন্য সোনালী ব্যাংক শেরাটন হোটেল শাখায় ২০১১ সালের বিভিন্ন তারিখে এলসি খোলেন। এলসির বিপরীতে মালামাল আমদানি করে ও মূল্য পরিশোধ না করেই প্রতিষ্ঠানটি মালামাল গ্রহণ করে। সোনালী ব্যাংক ওই টাকা পরিশোধের জন্য নোটিশ দিলেও বিবাদী প্রতিষ্ঠান তা করেনি।
এর আগে হল-মার্ক গ্রুপের প্রতিষ্ঠান হল-মার্ক এক্সেসরিজ লিমিটেড, হল-মার্ক প্যাকেজিং, হল-মার্ক নিট কম্পোজিট, পারফেক্ট এমব্রয়ডারি, হল-মার্ক নিটিং অ্যান্ড ডাইং ও ফারহান ফ্যাশনের বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে মামলা করেছে সোনালী ব্যাংক।