হল মার্ক গ্রুপের বিরুদ্ধে প্লট দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী এলাকায় হল মার্ক গ্রুপের বিরুদ্ধে জনতা হাউজিং লিমিটেডের প্লট দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্লটের মালিকেরা। জনতা হাউজিং প্লট মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ৩১ জানুয়ারি রাতে হল মার্ক গ্রুপ সীমানা প্রাচীর নির্মাণ করে জনতা হাউজিংয়ের এফ ব্লকের ৪০টি প্লট দখল করে নেয়। ব্লকের ১৮ ও ২০ নম্বর প্লটের মালিক স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর জুয়েল এস দাস অভিযোগ করেন, ৩১ জানুয়ারি হল মার্ক কর্তৃপক্ষ তাঁর প্লট দুটি দখল করে নিয়েছে। সাভার থানায় জানালেও পুলিশ ব্যবস্থা নেয়নি। এফ ব্লকের ১২/বি প্লটের মালিক আলম সারোয়ার মজুমদার অভিযোগ করেন, গত ২৯ জানুয়ারি প্রতিষ্ঠানটি তাঁর জমির ওপর খুঁটি রাখে। খবর পেয়ে গত ৩০ জানুয়ারি তিনি সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ৩১ জানুয়ারি তাঁর প্লটটি দখল করে নেয় হল মার্ক। প্লট মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, হল মার্ক গ্রুপের কর্ণধার তানভীর মাহমুদ ২০০৬ সালে ওই হাউজিং থেকে দুটি প্লট কেনেন। সেখানে তিনি দুটি পোশাক কারখানা গড়ে তোলেন। এরপর থেকেই তিনি ওই হাউজিংয়ে কম দামে প্লট কিনতে অপতত্পরতা শুরু করেন।গত বছরের জুনে হল মার্ক কর্তৃপক্ষ জনতা হাউজিংয়ের এ বি সি ও ই ব্লকের অন্তত ২০০ প্লট দখল করে। ওই প্লটের মালিকেরা এর প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শককে (ডিআইজি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম গত বছরের ১৬ জুলাই সরেজমিন তদন্ত করেন। তিনি অভিযোগের সত্যতা পেয়ে গত বছরের ৮ আগস্ট ঢাকার পুলিশ সুপারের কাছে প্রতিবেদন দেন। প্রতিবেদনে তানভীর মাহমুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। সেই সুপারিশ আজও বাস্তবায়ন হয়নি। জনতা হাউজিং প্লট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আকরাম হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপারের তদন্তের পর হল মার্ক কর্তৃপক্ষ অধিকাংশ প্লটের দখল ছেড়ে দিলেও এখন নতুন করে প্লট দখল শুরু করেছে। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান জানান, জনতা হাউজিং লিমিটেডের ভেতর দিয়ে ৪০ থেকে ৪৫ ফুট প্রশস্ত একটি সরকারি রাস্তা রয়েছে। হল মার্ক কর্তৃপক্ষ ওই রাস্তার কিছু অংশ দখল করে ভবন নির্মাণ করেছে। এ ছাড়া রাস্তার ওপর গেট নির্মাণ করে প্লট মালিকদের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। প্লট মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ২৪ জানুয়ারি ওই গেট ভাঙতে গেলে হল মার্কের শ্রমিকেরা তাঁকেসহ তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের ওপর হামলা চালান। তিনি জানান, এ ব্যাপারে সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও তাঁদের ওপর হামলার অভিযোগে তাঁর কার্যালয়ের কানুনগো সাভার থানায় মামলা করেন। কিন্তু পুলিশ ওই মামলার কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি।যোগাযোগ করা হলে হল মার্ক গ্রুপের কর্ণধার তানভীর মাহমুদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্য নানা ষড়যন্ত্র করছেন। তাঁদের ইন্ধন দিচ্ছেন জনতা হাউজিং লিমিটেডের কিছু প্লট মালিক।’ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রকৃত তথ্য জানতে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। একপর্যায়ে বলেন, ‘সংবাদ প্রকাশ না করে আমার সঙ্গে থাকেন, লাভবান হবেন।’স্থানীয় পুলিশের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্লট মালিকদের আদালতে যাওয়ার পরামর্শ দেন।