হল-মার্ক চেয়ারম্যানের জামিন, কিছু জানে না সোনালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১টি মামলায় জামিন দিয়েছেন আদালত। প্রতি মাসে ১০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করার শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন। তিনি বহুল আলোচিত আর্থিক কেলেঙ্কারির হোতা হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী।
গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক তাঁকে জামিনে মুক্তির আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, আসামি একজন নারী। দীর্ঘ নয় মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। হাইকোর্ট থেকে জামিনে থাকার সময়ও তিনি জামিনের শর্ত ভাঙেননি।
আদালত ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিবুল্লাহ এবং স্থানীয় একজন আইনজীবীর জিম্মায় জেসমিন ইসলামকে জামিনে মুক্তির আদেশ দেন। তবে জেসমিন ইসলামের এ জামিন ও ১০০ কোটি টাকা করে প্রতি মাসে ফেরত দেওয়ার শর্তের কথা জানে না সোনালী ব্যাংক। এই সোনালী ব্যাংক থেকেই ঋণের নামে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে। সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত গতকাল প্রথম আলোকে বলেন, টাকা ফেরত দেওয়ার এ শর্ত এবং জামিন নিয়ে সোনালী ব্যাংক কিছুই জানে না।
জেসমিন ইসলামের আইনজীবীরা আদালতকে বলেন, আসামি সরকারি টাকা ফেরত দিতে রাজি। এই আসামি গ্রেপ্তারের আগে ৪১০ কোটি টাকা উদ্ধার হয়েছে। হল-মার্ক গ্রুপে ৪০ হাজার কর্মচারী রয়েছেন। তাঁরা নয় মাস ধরে বেকার রয়েছেন। আসামিকে জামিনে মুক্তি দিলে অর্থ পরিশোধের ব্যবস্থা করবেন। কর্মচারীরা ঈদ করতে পারবেন। শুনানি শেষে আদালত প্রতি মাসে ১০০ কোটি টাকা পরিশোধ করার শর্তে জামিন দেন। একই সঙ্গে আদালত আদেশে উল্লেখ করেন, আসামি টাকা দিতে ব্যর্থ হলে জামিন বাতিল হয়ে যাবে।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, ‘শুনানি ছিল সকালে। কিন্তু মহানগর দায়রা জজ জহুরুল হক এ বিষয়ে আদেশ দিয়েছেন বিকেলে। ততক্ষণে আদালতের সময়সীমা প্রায় শেষ। তাই দুদকের পক্ষ থেকে আগামীকাল (সোমবার) সকালেই উচ্চ আদালতে জামিন বাতিলের আবেদন করব।’
হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। কয়েকটি মামলায় তানভীর মাহমুদ, তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বছরের ১৭ অক্টোবর মানিকগঞ্জ থেকে জেসমিন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গত ৭ ফেব্রুয়ারি জেসমিন ইসলামকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত পৃথক ১১টি মামলায় আরেকবার জামিন দিয়েছিলেন। তবে হাইকোর্টের নির্দেশে ১৭ ফেব্রুয়ারি একই আদালত জেসমিনের জামিন বাতিল করেন। এরপর জেসমিন ইসলাম নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।