হল-মার্ক মামলার আসামি গ্রেপ্তারে সহায়তা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক অর্থ কেলেঙ্কারির মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারে দুদককে সর্বাত্মক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ এ আবেদনটি দাখিল করেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।পরে ইউনূস আলী আকন্দ জানান, ১১ মামলায় ২২ আসামির মধ্যে সাতজন কারাগারে এবং ১৫ আসামি পলাতক আছেন। হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে পলাতক ১৫ আসামিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তবে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ১১টি মামলায় পলাতক ১৫ আসামিকে গ্রেপ্তারে দুদককে সর্বাত্মক সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।