হল-মার্কের আরেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
ঋণ খেলাপির অভিযোগে হল-মার্ক গ্রুপের আরও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সোনালী ব্যাংক। আজ মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সোনালী ব্যাংকের শেরাটন করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম এ মামলা দায়ের করেন।
মামলায় হল-মার্ক গ্রুপের প্রতিষ্ঠান হল-মার্ক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকে বিবাদী করা হয়েছে। বিচারক মো. রবিউজ্জামান মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দেন। একই সঙ্গে সমন ফেরতসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ জুন দিন ধার্য করেন। এ নিয়ে হল-মার্ক গ্রুপের ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হলো।
সোনালী ব্যাংকের আইনজীবী হোসনে আরা বেগম সাংবাদিকদের বলেন, গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হল-মার্ক ফ্যাশনস লিমিটেডের কাছে সুদসহ ৪৫০ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৫৫৯ টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য এ মামলা করা হয়েছে।
হোসনে আরা জানান, এর আগে হল-মার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৮৮ কোটি ৫ লাখ ৬৮ হাজার ৭৮৪ টাকা আদায়ের জন্য ১৩টি মামলা করা হয়েছে। হল-মার্ক এক্সেসরিজ লিমিটেড, হল-মার্ক প্যাকেজিং, হল-মার্ক নিট কম্পোজিট লিমিটেড, পারফেক্ট এমব্রয়ডারি, হল-মার্ক নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, ফারহান ফ্যাশন লিমিটেড, ডেনিম কম্পোজিট লিমিটেড এর বিরুদ্ধে মামলা করা হয়।