হল-মার্কের খামার থেকে আরও কিছু গরু বিক্রি
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নন্দখালী এলাকায় অবস্থিত হল-মার্ক গ্রুপের খামার থেকে চুরি করে আরও গরু বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে কর্মকর্তারা এসব গরু বিক্রি করছেন বলে পুলিশসহ স্থানীয় লোকজন নিশ্চিত করেছেন। সাভার থানার পুলিশসহ সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, হল-মার্কের শিল্প এলাকার মধ্যে বিভিন্ন খামারে আড়াই হাজার গরু ছিল। একশ্রেণীর কর্মকর্তা ঈদের আগে সেখান থেকে ৫০০ গরু চুরি করে বিক্রি করেন। খবর পেয়ে পুলিশ তৎপর হলে অবশিষ্ট গরু বিক্রি করা থেকে বিরত থাকেন তাঁরা। কিন্তু কয়েক দিন পর আবার চুরি করে গরু বিক্রি শুরু করেন কর্মকর্তারা। সাভার মডেল থানার একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত মঙ্গলবার গভীর রাতে খামার থেকে চুরি করে গরু বের করার সময় স্থানীয় লোকজন সাভার থানাকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি গরুসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে বিক্রির সঙ্গে জড়িত কোনো কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মশিউদ্দৌলা মঙ্গলবার রাতে চুরি করে গরু বিক্রির বিষয়টি নিশ্চিত করে বলেন, হল-মার্কের ভেতর থেকে আর যাতে কোনো গরু বাইরে না যায়, সে বিষয়ে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।