হল-মার্কের গ্রুপের আরেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
ঋণখেলাপি হওয়ার অভিযোগে হল-মার্ক গ্রুপের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সোনালী ব্যাংক। আজ মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সোনালী ব্যাংকের শেরাটন করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম এ মামলা দায়ের করেন।
ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক মো. রবিউজ্জামান মামলাটি গ্রহণ করে ১৬ এপ্রিল কোর্ট ফি দাখিলের আদেশ দেন। মামলায় পর্যাপ্ত কোর্ট ফি দাখিল না করায় আদালত এই আদেশ দেন।
আজ হল-মার্ক গ্রুপের প্রতিষ্ঠান হল-মার্ক ফ্যাশন লিমিটেডের বিরুদ্ধে ৩০ কোটি ৪০ লাখ টাকা ঋণখেলাপি হওয়ার অভিযোগে এই মামলা করেন।এ নিয়ে গ্রুপটির বিরুদ্ধে ১১টি মামলা করা হলো।
মামলায় বলা হয়, তানভীর মাহমুদ ও জেসমিন ইসলাম হল-মার্ক ফ্যাশন লিমিটেড নামক প্রতিষ্ঠানের নামে সুতা ও কাপড় আমদানির জন্য সোনালী ব্যাংক শেরাটন শাখায় ২০১০ সালের বিভিন্ন তারিখে ঋণপত্র (এলসি) খোলেন। এর বিপরীতে বৈদেশিক মালামাল আমদানি করে ও মূল্য পরিশোধ না করেই প্রতিষ্ঠানটি মালামাল গ্রহণ করে। সোনালী ব্যাংক ওই টাকা পরিশোধের জন্য নোটিশ দিলেও বিবাদী প্রতিষ্ঠান তা পরিশোধ করেনি।
মামলায় হল-মার্ক ফ্যাশন লিমিটেড এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকে বিবাদী করা হয়েছে।
এর আগে হল-মার্ক গ্রুপের প্রতিষ্ঠান হল-মার্ক এক্সেসরিজ লিমিটেড, হল-মার্ক প্যাকেজিং, হল-মার্ক নিট কম্পোজিট লিমিটেড, পারফেক্ট এমব্রয়ডারি, হল-মার্ক নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, ফারহান ফ্যাশন লিমিটেড, ববি ডেনিম কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে মামলা করা হয়েছে।