হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের আগাম জামিন বাতিল
সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের আগাম জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিলেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
জেসমিন ইসলামের পক্ষে আইনজীবী রফিক-উল হক এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন।
খুরশীদ আলম খান পরে বলেন, ‘সম্পদ বিবরণী-সংক্রান্ত মামলায় আপিল বিভাগ জেসমিনের আগাম জামিন মঞ্জুরের আদেশ বাতিল করায় এখন আদালতের অনুমতি সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণে কোনো বাধা নেই। হল-মার্কের কেলেঙ্কারির ঘটনায় করা ১১টি মামলায় তাঁর জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদন ইতিমধ্যে হাইকোর্ট পর্যবেক্ষণ সাপেক্ষে নিষ্পত্তি করেছেন। এর অনুলিপি পাইনি।’
গত বছরের ১৩ নভেম্বর দুদক সম্পদ বিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিশ দেয়। তিনি ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন। পরে সাত দিন সময় বাড়ানো হলেও নির্ধারিত ৪ ডিসেম্বরের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ১১ ডিসেম্বর দুদক রমনা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলা করে। এ মামলায় গত ১৯ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জেসমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে আগাম জামিন দেন। এতে স্থগিতাদেশ চেয়ে দুদক ২৭ জানুয়ারি চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। শুনানি নিয়ে ২৯ জানুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। গতকাল শুনানি হয়।