হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল
অর্থ কেলেঙ্কারির ঘটনায় করা ১১টি মামলায়ই বহুল আলোচিত হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এই আদেশ দেন।আদালত একই সঙ্গে জেসমিন ইসলামকে তিন দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আদেশে বলা হয়, এর মধ্যে হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। দুদকের করা এই ১১ মামলায় ৭ ফেব্রুয়ারি জেসমিনকে জামিন দেন জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম গতকাল জেসমিনের জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি জেসমিন জামিনে মুক্তি পেয়ে দেশত্যাগের চেষ্টা করছেন। এই আসামির বিরুদ্ধে ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ব্যাংক থেকে দুই হাজার ৬০০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা রয়েছে। ৭ ফেব্রুয়ারি জামিনের বিষয়ে আপত্তিতে এসব উল্লেখ করা হলেও প্রসিকিউশন আদালতের বিবেচনায় আনতে হয়তো সক্ষম হননি।৭ ফেব্রুয়ারির জামিন আদেশে বলা হয়, আসামির একমাত্র ছেলে পরীক্ষার্থী। প্রসিকিউশন পক্ষ জামিনের বিরোধিতা করে, তবে আসামি কিস্তিতে হলেও ব্যাংকের টাকা পরিশোধ করার অঙ্গীকার করেন। টাকা পরিশোধের শর্তে আসামির জামিন বিবেচনা করা যেতে পারে—এই যুক্তিতে আদালত তাঁকে জামিনে মুক্তির আদেশ দেন।এদিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৩ ফেব্রুয়ারি জেসমিন ইসলামকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে জজকে তলব করেন। গতকাল জামিন বাতিল করায় হাইকোর্ট বিচারককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার গতকাল প্রথম আলোকে বলেন, বিচারিক আদালতে জেসমিন ইসলামের জামিন বাতিলের বিষয়টি অবহিত করার পর হাইকোর্ট সংশ্লিষ্ট বিচারককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। তবে রুলের শুনানি হবে।হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী জেসমিনসহ ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। মামলাগুলোতে জেসমিনের বিরুদ্ধে ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ১৭ অক্টোবর তাঁকে মানিকগঞ্জ শহর থেকে গ্রেপ্তার করা হয়।