হল-মার্কের জেসমিনের মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ

হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের মেডিকেল প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অর্থ আত্মসাতের এক অভিযোগে করা মামলায় তাঁর জামিন প্রশ্নে রুল শুনানিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জেসমিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও এ কে এম আমিন উদ্দিন। দুদকের আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান।
এ কে এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, রুল শুনানিতে জেসমিনের আইনজীবী জানান জেসমিন ইসলাম অসুস্থ। এ অবস্থায় হাইকোর্ট জেসমিন ইসলামের মেডিকেল প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে কাশিমপুর কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
আইনজীবী সূত্র বলছে, ২০১৬ সালের ১ নভেম্বর জেসমিন ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ওই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেদিন বিকেলে রাজধানীর বংশাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় গত বছরের ১৭ আগস্ট বিচারিক আদালতে জেসমিনের জামিন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। একই বছরের ৫ নভেম্বর হাইকোর্ট তাঁর জামিন প্রশ্নে রুল দেন। এ রুল শুনানিতে মঙ্গলবার ওই আদেশ দেওয়া হয়। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় ১১ জুলাই এক রায়ে ঢাকার বিশেষ জজ আদালত জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড দেন।