হল-মার্কের দখলে থাকা ১১ একর সরকারি সম্পত্তি উদ্ধার হচ্ছে
অবশেষে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বহুল আলোচিত হল-মার্ক গ্রুপের দখলে থাকা প্রায় ১১ একর সরকারি সম্পত্তি উদ্ধার হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে। হল-মার্ক কর্তৃপক্ষ এসব জমি দখল করে সেখানে একাধিক স্থাপনা নির্মাণ করেছে। গত ২৪ জানুয়ারি সরকারি ওই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হল-মার্কের শ্রমিকদের হামলার শিকার হয়েছিলেন সাভারের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান। ওই সময় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।সাভারের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্র জানায়, হল-মার্ক কর্তৃপক্ষ ২০০৮ সাল থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কান্দিবৈলারপুর মৌজার ৬, ২৮, ৪২, ২৭৪, ২৮৪, ৩০৩, ৩২৪, ৩৩৪, ৩৪৪, ৩৪৬ ও ৩৫০ নম্বর দাগে ৫ দশমিক ৮০ একর খাস ও দশমিক ৫৮ একর অর্পিত সম্পত্তি এবং নন্দখালী মৌজার ১৬৯, ১৭৬, ২১২, ২৩৬, ২৬৮ ও ২৯৬ নম্বর দাগে ৩ দশমিক ১৮ একর খাস ও প্রায় এক একর অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছে। এই বিপুল পরিমাণ জমির কিছু অংশে সরকারি রাস্তা ও বাকি অংশে বড় আকারের আধা পাকা তিনটি স্থাপনা এবং আনসারের তল্লাশিচৌকি রয়েছে।সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের একাধিক কর্মকর্তা বলেন, সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য হল-মার্ক কর্তৃপক্ষকে বারবার নোটিশ পাঠিয়েও কোনো ফল পাওয়া যায়নি; বরং হল-মার্ক সরকারি রাস্তায় ফটক বানিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছিল।সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ বলেন, হল-মার্কের কবল থেকে সরকারি জমি উদ্ধারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে।