হল-মার্কের শ্রমিকেরা বেতন পেয়েছেন
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নন্দখালী এলাকায় অবস্থিত হল-মার্ক গ্রুপের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার বেতন পেয়েছেন। পুলিশ ও শ্রমিকেরা জানান, গত মাসের বেতনের দাবিতে হল-মার্ক গ্রুপের শ্রমিকেরা এক সপ্তাহের বেশি সময় ধরে কাজ বন্ধ করে বিক্ষোভ করে আসছিলেন। অব্যাহত শ্রমিক-বিক্ষোভের মুখে গতকাল বেতন দেওয়ার ঘোষণা দিয়ে গত সোমবার থেকে শনিবার পর্যন্ত কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, গতকাল সকাল আটটা থেকেই শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হতে থাকেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন কারখানার আট হাজার শ্রমিককে গত মাসের বেতন দেওয়ার পর কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। এক হাজার মান পরিদর্শক (কোয়ালিটি ইন্সপেক্টর) ও কর্মকর্তাদের বেতন দেওয়া হবে সোমবার (আজ)। সূত্র জানায়, আজ থেকে প্রতিষ্ঠানটির সব কারখানা খোলা থাকবে। আগামী বৃহস্পতিবার ঈদের ছুটি দেওয়া হবে। এর আগে বোনাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।