হল-মার্কের ১০ মামলার অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং খাতে সবচেয়ে বিতর্কিত হল-মার্ক কেলেঙ্কারির ২৭টি মামলার মধ্যে ১০ মামলার বিষয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ১০ মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের ১১ কর্মকর্তা ও হল-মার্কের সহযোগী তিন প্রতিষ্ঠানের ১০ জন রয়েছেন।

আজ রোববার বিকেলে ঢাকার সিএমএম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক ও মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা মীর জয়নুল আবেদিন শিবলী। এর আগে তিনি রমনা থানায় অভিযোগপত্রের অনুলিপি জমা দিয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেন।

অভিযোগপত্রে যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁদের মধ্যে আছেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, দুই উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও মোহাম্মদ সফিজ উদ্দিন আহমেদ, দুই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কামরুল হোসেন খান ও এজাজ আহমেদ প্রমুখ।

এ ছাড়া সোনালী ব্যাংকের জিএম অফিসের মহাব্যবস্থাপক (জিএম) ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান এবং সোনালী ব্যাংক হোটেল শেরাটন শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমান, এজিএম মো. সাইফুল হাসান, এক্সিকিউটিভ অফিসার মো. আবদুল মতিনকে আসামি করা হয়েছে। হল-মার্কের সহযোগী প্রতিষ্ঠান প্যারাগন নিট কম্পোজিটের এমডি মো. সাইফুল ইসলাম রাজা, পরিচালক আবদুল্লাহ আল মামুন, মো. মকবুল হোসেন, ডিএন স্পোর্টসের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, এমডি শফিকুর রহমান জন, পরিচালক ফাহমিদা আক্তার শিখা এবং খান জাহান আলী সোয়েটারের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, এমডি আবদুল জলিল শেখ, মো. রফিকুল ইসলাম, পরিচালক মীর মো, শওকত আলীকেও অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রে এসব আসামির বিরুদ্ধে ১৮ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

গত মাসের প্রথম সপ্তাহে কমিশন এ ১০ মামলার অভিযোগপত্র দাখিলের অনুমতি দেয়।

এর আগে হল-মার্ক কেলেঙ্কারির স্বীকৃত বিলের বিপরীতে পরিশোধিত (ফান্ডেড) অর্থ এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের ঘটনায় ১১ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। ওইসব মামলায় আসামিদের মধ্যে এ পর্যন্ত হল মার্কের তানভীর, তুষার ও জেসমিন এবং সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমান, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান, জিএম শেখ আলতাফ হোসেন ও মো. সফিজউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক।

সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকার মধ্যে হল মার্ক গ্রুপ একাই জালিয়াতি করেছে দুই হাজার ৬৬৭ কোটি, তসলিম হাসানের মালিকানাধীন টিঅ্যান্ড ব্রাদার্স গ্রুপ ৬৮৫ কোটি ৬৩ লাখ, সাইফুল ইসলামের মালিকানাধীন প্যারাগন গ্রুপ ১৪৪ কোটি ৪৪ লাখ, বেগম ফাহমিদা আকতার চৌধুরীর মালিকানাধীন ডিএন গ্রুপ ২৮ কোটি ৫৪ লাখ, আবদুল মালেকের মালিকানাধীন নকশি নিট গ্রুপ ৬৫ কোটি ৩০ লাখ এবং আবদুল জলিল শেখের মালিকানাধীন খান জাহান আলী সোয়েটারসহ অন্যান্য প্রতিষ্ঠান নিয়েছে ১৫ কোটি ১২ লাখ টাকা।