জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে র্যা গিংয়ের বিরোধিতা করায় এক ছাত্রীকে হলছাড়া করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ওই ছাত্রী উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ওই ছাত্রী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চারুকলা বিভাগের ৪৫তম ব্যাচের ছাত্রী ও প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতুন নাইম গত বৃহস্পতিবার ‘উইমেন চ্যাপটার’ নামে একটি ব্লগে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ করেন।
ব্লগে জান্নাতুন লিখেছেন, মঙ্গলবার প্রীতিলতা হল প্রশাসনের সঙ্গে ছাত্রীদের সাধারণ সভা হয়। সভায় তিনি র্যাগিং বন্ধে হল প্রশাসনকে অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে সভা শেষে প্রীতিলতা হল শাখা ছাত্রলীগের সভাপতি স্বপ্না আক্তারসহ আরও কয়েকজন তাঁকে তিনতলায় ‘গণরুমের’ পাশে ডেকে নেন। এভাবে র্যাগিংয়ের প্রতিবাদ করলে হল ছেড়ে দিতে হবে বলে তাঁরা তাঁকে হুমকি দেন।
ব্লগে লেখাটি প্রকাশিত হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে শিক্ষার্থীরা এর পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে থাকেন। মন্তব্য করেছেন এ রকম অন্তত ছয়জনের বিরুদ্ধেও হুমকির অভিযোগ এনেছেন জান্নাতুন। গতকাল দুপুরে তিনি লিখিতভাবে উপাচার্য ফারজানা ইসলামকে অভিযোগ দেন।
জানতে চাইলে জান্নাতুন বলেন, ‘আমি উপাচার্যকে লিখিত অভিযোগ দিয়েছি। উপাচার্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
যোগাযোগের চেষ্টা করলে হল শাখা ছাত্রলীগের সভাপতি স্বপ্না আক্তারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মানববন্ধন করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বেলা একটার দিকে নতুন কলা ভবনের পাশে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন জান্নাতুনের বিরুদ্ধে।
মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী উমায়া তাসনিম বলেন, ‘হুমকি দেওয়া হলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কিন্তু ব্লগে যেভাবে হুমকি দেওয়ার অভিযোগে একাধিক শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে, সেটা অগ্রহণযোগ্য। এতে মানুষজন বিভ্রান্ত হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।’
হলের প্রাধ্যক্ষ কৌশিক সাহা বলেন, ‘উপাচার্য অভিযোগটি আমার কাছে পাঠিয়েছেন। হল প্রশাসনের সভা ডেকেছি। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’